স্টাফ রিপোর্টার: রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগে আবেদন জমার সময়সীমা বাড়ানো হচ্ছে। রাজ্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সূত্রে এমনই খবর। এসএসসি পোর্টাল মারফত আবেদন নেওয়া শুরু হয়েছে গত ১৬ জুন। এখন পর্যন্ত স্থির রয়েছে, আগামী ১৪ জুলাই পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। এসএসসি এবার এই সময়সীমা বাড়াতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে। এ ব্যাপারে কমিশনের যুক্তি, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চাকরির প্যানেল বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করছে, জুলাইয়ের শেষাশেষি যার শুনানি হওয়ার কথা। উপরন্তু ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিতর্কের জেরে মাঝে চারদিন পোর্টাল বন্ধ ছিল। এমতাবস্থায় রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা যাতে চাকরির আবেদন পেশ করার যথাযথ সুযোগ পায়, সরকার তা নিশ্চিত করতে চাইছে। এসএসসি সূত্রের খবর, শনিবার পর্যন্ত প্রায় দু’লক্ষ আবেদন জমা পড়েছে।
শিক্ষক নিয়োগের পরীক্ষা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সেরে ফেলার প্রস্তুতিও শুরু করে দিয়েছে এসএসসি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫,৭৫২ জন শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, চাকরিহারা শিক্ষকদের নতুন করে নিয়োগ পরীক্ষায় বসতে হবে। এসএসসি সেই পরীক্ষার ব্যবস্থা করবে। সেই মতো এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি দেয়, আবেদন পেশের জন্য পোর্টালও খুলে দেওয়া হয়। এদিকে সুমন বিশ্বাসের নেতৃত্বে চাকরিহারা শিক্ষকদের একাংশ এদিন বিজেপির বিধাননগরের অফিসে গিয়ে দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন।